২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ছাত্রলীগের হুঁশিয়ারি

“আমরা দেখতে চাই, কতদূর আপনারা খেলতে পারেন; তারপর বোঝাব, কত ধানে কত চাল,” বলেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 11:34 PM

Updated : 19 Jul 2023, 11:34 PM

বিএনপি আন্দোলনের নামে দেেশর পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে অভিযোগ করে দলটির নেতাদের হুঁশিয়ার করেছে সংগঠন ছাত্রলীগ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সরকার সমর্থক ছাত্র সংগঠনটির নেতারা।

মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “বিএনপির মহাসচিব আজকে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে। এ কারণে তিনি বিজয় যাত্রা ঘোষণা করেছেন এবং অব্যাহত মিথ্যা কথা বলছেন। জনসভায় অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন তিনি। আমার কাছে তো মনে হয় যে, এই মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নাই; মিথ্যা আলমগীর হয়ে গেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে এসে রাজনীতি করার আহবান জানান সাদ্দাম।

তিনি বলেন, “আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসি জীবন যাপন করছেন আর কর্মীদের রাজপথে থাকার আহবান জানাচ্ছেন!

“তারেক রহমান একজন খুনি। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এমন একজনকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যিনি একজন প্রমাণিত সন্ত্রাসী, তিনি একজন প্রমাণিত খুনি।”

সাম্প্রতিক সময়ে বাংলা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।

বিএনপির উদ্দেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন‌, “আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আজকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন। আমরা দেখতে চাই, কতদূর আপনারা খেলতে পারেন; তারপর বোঝাব, কত ধানে কত চাল।”

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, “আমরা হাতে শিকল পরে রইনি, আমাদের হাত খোলা। আমরা চুপ আছি, তার মানে এই নয় যে বারবার আমাদের উপর আঘাত করবেন। আর একবার যদি বাংলাদেশের কোনো শিক্ষার্থীর ওপর আঘাত করা হয়, আমরা বাংলাদেশের ছাত্রলীগের যারা কর্মী রয়েছি সেই সকল বিএনপি নেতাকর্মীর বাড়ির ইট খুলে নিয়ে আসব।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, “আমরা আবার ভয় পাচ্ছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আবার লাশের রাজনীতি হয় কি না?

“ছাত্রলীগের ভাইদের কাছে আহবান জানাব, আমাদের সামনের দিনগুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে।”

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়,  ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা কলেজ, বাঙলা কলেজসহ ছাত্রলীগের  বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।