‘উচ্চদামে নিকৃষ্ট মানের’ খাবার ঢাবির ছাত্রী হলে: ছাত্রলীগ
খাবারের মানবৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহসহ আট দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের হল প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে ‘উচ্চদামে নিকৃষ্ট মানের খাবার’ পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সরকার সমর্থক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
তাছাড়া সুপেয় পানির সংকট, আবাসিক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের মতো অভিযোগও আনা হয়েছে।
এসব জানিয়ে খাবারের মানবৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহসহ আট দাবিতে শনিবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের হল প্রতিনিধিরা।
স্মারকলিপিতে বলা হয়, “দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে হলের ক্যান্টিনে উচ্চদামে নিকৃষ্ট মানের খাবার পরিবেশন, চাহিদার তুলনায় বিশুদ্ধ পানির ফিল্টারের অপ্রতুলতা, হলের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় অশোভন আচরণ করা, মেয়েদের হলগুলোতে প্রবেশের জন্য নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে; যা কার্যত শিক্ষার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে এবং বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা এইসব অসঙ্গতি এবং অনিয়মের অবসান চাই।”
আট দফা দাবি হলো-
> অনাবাসিক ও আবাসিক শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে যেকোনো হলে প্রবেশের সুযোগ দিতে হবে।
> হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
> হলের খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।
> শিক্ষার্থীদের সাথে হল প্রশাসনের সদাচরণ নিশ্চিত করতে হবে এবং হলের কর্মচারীদের শিক্ষার্থীদের সাথে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
> হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
> হলের গেস্টরুম সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
> দূরবর্তী হলগুলোতে যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।
> ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিকশা ভাড়া নির্ধারণ এবং এ ব্যাপারে যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি দিতে যাওয়া নেত্রীরা হলেন- ছাত্রলীগের রোকেয়া হল সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা; শামসুন নাহার হল সভাপতি খাদিজা আক্তার উর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবহিয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি কোহিনূর আক্তার রাখী, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি; কবি সুফিয়া কামাল হল সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)।
