হামলার বিচার না পেলে ‘আত্মহত্যার’ হুমকি ছাত্র পরিষদ নেতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বুধবার অভিযোগ জমা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার যে অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করেছিল, এবার এর বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘লিখিত’ দিয়েছে সংগঠনটি।
বুধবার বিকালে হুইলচেয়ারে করে গিয়ে সভাপতি বিন ইয়ামিন মোল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ অভিযোগ জমা দেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এক সপ্তাহের মধ্যে এ হামলার বিচার চেয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। এ বিচার যদি তিনি না করেন, আমি সংগঠনের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে এই প্রক্টর কার্যালয়ের সামনে এসে নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করব।”
লিখিত অভিযোগে বলা হয়, ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ফটকে উপস্থিত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের টিএসসিতে প্রবেশে বাধা দেন।
লিখিত অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীদের তাদের ওপর হামলার জন্য দায়ী করা হয়। ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে ৮০ থেকে ১০০ জন হামলায় অংশ নেন বলে এতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পেয়েছি, প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোর ভূমিকার কথাও বলেছেন তিনি।
লিখিত অভিযোগ দেওয়ার সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
