সাইবার নিরাপত্তায় এক সঙ্গে কাজ করবে বুয়েট ও হপলন
সমঝোতা চুক্তির আওতায় প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করবে প্রতিষ্ঠান দুটি।
দেশে সাইবার নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা উইং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) ও হপলন লিমিটেড।
এ বিষয়ে বুয়েটের আরআইএসই সম্মেলন কক্ষে গত মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।
এতে আরআইএসই এর পরিচালক অধ্যাপক মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার ও হপলন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন সামাদ সই করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা ও সাইবার হুমকি মোকাবিলা নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান হপলন লিমিটেড।
সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে সাইবার হুমকি মোকাবিলায় এবং সাইবার নিরাপত্তা রক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করবে।
সমঝোতা সই অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদা নাজনীন, বিভাগীয় প্রধান ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর, হপলন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহসান হাবীব উপস্থিত ছিলেন।
