২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে খণ্ডকালীন কাজে কতটা সুফল পাচ্ছেন শিক্ষার্থীরা?

“অফিসেও কাজের সুযোগ করে দিতে হবে, এমনকি হলের বিভিন্ন দায়িত্বও শিক্ষার্থীদের দেওয়া যেতে পারে,” বলেন অধ্যাপক তানজিম।

ঢাবিতে খণ্ডকালীন কাজে কতটা সুফল পাচ্ছেন শিক্ষার্থীরা?

কেবল সেমিনার লাইব্রেরিতে সীমাবদ্ধ না রেখে খণ্ডকালীন কাজের ক্ষেত্র সম্প্রসারণ করা দরকার বলে মনে করেন শিক্ষার্থীরা।

রাসেল সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 01:12 AM

Updated : 11 Aug 2023, 12:41 PM

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের ব্যবস্থা করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ চালু করা হলেও পর্যাপ্ত কর্মক্ষেত্রের অভাবে গতি পাচ্ছে না এ কর্মসূচি। 

এ প্রকল্পের আওতায় প্রায় এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনার লাইব্রেরিতে কাজের সুযোগ পেয়েছেন মাত্র ৬০ জন শিক্ষার্থী। আর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের দেড়শ শিক্ষার্থীকে নিয়ে প্রথমবারের মত ‘কার্যকর যোগাযোগ দক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এ ইউনিট। 

শিক্ষার্থীরা বলছেন, কেবল সেমিনার লাইব্রেরিতে কাজ করে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে না। প্রশাসনিক ভবন ও বিভাগীয় দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের যুক্ত করলে কর্মসূচির সুফল মিলবে। পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালা চালু রাখতে হবে। 

গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ ও কর্মমুখী প্রশিক্ষণ দিতে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ চালু করে। তার আগে ৩০ অগাস্ট সিন্ডিকেট সভায় এ ইউনিটের অনুমোদন দেওয়া হয়। 

এ ইউনিটের জন্য উপদেষ্টা (অবৈতনিক), উপপরিচালক, সহকারী পরিচালক, সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস অ্যাটেনডেন্ট মিলিয়ে মোট পাঁচজন জনবল অনুমোদন করা হলেও বর্তমানে মাত্র দুজন দিয়ে কাজ চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইউনিটের কার্যালয়ের জন্য জায়গা বরাদ্দ করা হলেও অর্থের অভাবে এখনো কার্যালয়টি পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটে এই ইউনিটের আওতায় বছরে প্রায় ৪০০ শিক্ষার্থীর কাজ করার সুযোগ রয়েছে। তবে কিছু বিভাগ/ইনস্টিটিউটে সেমিনার লাইব্রেরি না থাকায় এ কাজের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা।

এই ইউনিটের অধীনে কাজ করছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সেমিনার লাইব্রেরিতে শুক্রবার ৪ ঘণ্টা ও শনিবার ৫ ঘণ্টা কাজ করেন তারা। সম্মানী হিসেবে তাদেরকে দিনপ্রতি ৫০০ টাকা দেওয়া হয়।  

একজন শিক্ষার্থী তিন মাস করে এই খণ্ডকালীন কাজের সুযোগ পাচ্ছেন। তিন মাস পর অন্য একজন শিক্ষার্থীকে ওই কাজ দেওয়া হয়। 

সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ফারজানা মিলি বলেন, “বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে আমাকে মূলত নির্দিষ্ট সময়ে সেমিনার খোলা এবং বন্ধ করতে হত। এছাড়া আমাকে ওই সময়ে সেমিনারে সার্বক্ষণিক অবস্থান করে লাইব্রেরির পুস্তক, জার্নাল ও আসবাবপত্র সংরক্ষণে দায়িত্বশীল থাকতে হত। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে লাইব্রেরিতে বসে পড়তে পারে, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতাম।” 

কেবল সেমিনার লাইব্রেরিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের ক্ষেত্র সম্প্রসারণ করা দরকার বলে মনে করেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী তানভীর আহমেদ।

তিনি বলেন, “সেমিনার লাইব্রেরিতে আমি তিন মাস করেছি। আমি মনে করি, শিক্ষার্থীদের কাজের ক্ষেত্র শুধু সেমিনার লাইব্রেরিতে সীমাবদ্ধ না রেখে এটা সম্প্রসারণ করা দরকার। আইসিটি স্কিল বেইজড যেসকল কাজকর্ম আছে যেমন- প্রশাসনিক ভবন, দাপ্তরিক অফিস, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিসগুলোতে খণ্ডকালীন কাজের সুযোগ করে দেওয়া উচিত।” 

আবহাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিমুল ইসলাম মনে করেন, কম্পিউটার ল্যাবগুলোতেও শিক্ষার্থীদের কাজ দেওয়া যায়। হলগুলোতে যে লাইব্রেরি আছে, সেখানেও শিক্ষার্থীরা কাজ করতে পারেন। 

“রেজিস্ট্রার বিল্ডিং কাজের একটা বড় ক্ষেত্র। আমরা প্রায় সময়ই দেখি রেজিস্ট্রার বিল্ডিংয়ে কাজে ধীরগতি। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাজ করতে দিলে কাজে গতিশীলতা আসবে এবং শিক্ষার্থীরাও কাজের দক্ষতা অর্জন করতে পারবে।”

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান। বিদেশে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে তিনি বলেন, “বিদেশে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের খণ্ডকালীন কাজের সুযোগ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা জব সেন্টারই থাকে। 

“টিচিং অ্যাসিস্টেন্টশিপ ও রিসার্চ অ্যাসিস্টেন্টশিপ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্টদের দিয়ে কিন্তু টিচিং অ্যাসিস্টেন্টশিপের কাজ করানো হয়। কিন্তু আমাদের তো ওই কাঠামোই তৈরি হয়নি। সামগ্রিক কাঠামোগত পরিবর্তন ছাড়া এগুলো সম্ভব না। এই ভাবনাটা বিশ্ববিদ্যালয়কে করতে হবে।” 

শিক্ষার্থীদের শুধু সেমিনার লাইব্রেরির কাজের সীমাবদ্ধ রাখলে দক্ষতা বৃদ্ধি পাবে না মন্তব্য করে অধ্যাপক তানজিম বলেন, “তাদেরকে অফিসেও কাজের সুযোগ করে দিতে হবে। এমনকি হলের বিভিন্ন দায়িত্বও শিক্ষার্থীদের দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো রিসার্চ সেন্টার আছে, সেখানে শিক্ষার্থীদের কাজের সুযোগ করে দেওয়া যায়।” 

এ বিষয়ে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক রেজাউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাজের ক্ষেত্র সম্প্রসারণের চেষ্টা করছি। পাশাপাশি এই ইউনিটের অধীনে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করছি। এটা প্রতি মাসে একটা করে করা হবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।” 

প্রায় এক বছর হতে চললেও ইউনিটের কার্যালয় কেন তৈরি হয়নি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “টিএসসিতে আমাদের অফিসের জন্য জায়গা বরাদ্দ হয়েছে। অফিসের সিভিল ওয়ার্ক ও ফার্নিচারের জন্য অর্থ বরাদ্দও হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আমরা অফিসের কাজ সম্পন্ন করতে পারব।” 

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খণ্ডকালীন চাকরি কয়টা দেওয়া হল- ওটার চেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা কতটুকু দক্ষ হয়ে উঠছে। সেজন্য আমরা এই ইউনিটের অধীনে শিক্ষার্থীদের জন্য ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করেছি। এটা অব্যাহত থাকবে।”

Image

টিচিং অ্যাসিস্টেন্ট ও রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া যায় কি না, সেই পরামর্শও এসেছে।

অসচ্ছল শিক্ষার্থীদের কাজের সুযোগ করে দিতে আর কী পরিকল্পনা রয়েছে জানতে চাইলে উপাচার্য বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমাদের অনেক প্রোগ্রাম আছে। ট্রাস্ট ফান্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে চারশর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বৃত্তির আওতায় আসছে।

“তবে তাৎক্ষণিক কিছু নগদ অর্থও দরকার আছে। শিক্ষার্থীদের কাজের ক্ষেত্র সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা করছি। স্টুডেন্ট প্রমোশন ও সাপোর্ট ইউনিটেই কয়েকটি পদ তৈরি করা হবে। এই ইউনিটেও যাতে কয়েকটি ছেলে মেয়ে সহযোগিতা করতে পারে, অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেটার একটা উদ্যোগ নেব ইনশাল্লাহ।” 

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “কয়েকটি অফিসে কিছু পদ তৈরি হবে। আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স অফিস আছে, সেখানেও শিক্ষার্থীদের জন্য দুটা পদ তৈরি করা হবে। এগুলো তো সংখ্যায় কম, লার্জ স্কেলে নয়। তবুও শিক্ষার্থীদের মধ্যে এর ইমপ্যাক্ট পড়বে।” 

রিসার্চ অ্যাসিস্টেন্ট ও টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে কাজের সুযোগ করে দেওয়া যায় কি না- এমন প্রশ্নে উপাচার্য বলেন, “রিসার্চ অ্যাসিস্টেন্টশিপ আবার ভিন্ন, সেটার জন্য অন্য ফর্মুলা লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট।” 

প্রশাসনিক ভবনে কেন শিক্ষার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে না, তার কারণ জানতে চাইলে ‍উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “প্রশাসনিক কাজে শিক্ষার্থীদের যুক্ত করলে অন্য প্রভাব পড়বে। সব জায়গায় আসলে সবাইকে কাজ দেওয়ার সুযোগ নাই। যেমন- পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কিছু কাজ আছে, কিন্তু গোপনীয়তার কাজে তাদের সেখানে যুক্ত করা যাচ্ছে না। 

“শিক্ষার্থীদের কোন কাজে দিলে কাজের গতি পায়, কাজের গুণগত মানও বাড়বে সে ধরনের কিছু কিছু ক্ষেত্র আমরা তৈরি করব।”