ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের আদেশক্রমে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন কোষাধ্যক্ষ।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন। রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের আদেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০, ৩৩ (১) অনুযায়ী পরবর্তী চার বছরের জন্য অধ্যাপক আনোয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে তিনি গণবিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি ও এমএসসি ডিগ্রি, বুয়েট থেকে গণিতে এমফিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক আনোয়ার ৩০ বছরের শিক্ষকতা জীবনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনায় অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সরকারি কারমাইকেল কলেজ রংপুরের অধ্যক্ষ ছিলেন।
অন্যদিকে নজরুল ইসলাম মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি, এমএসসি ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ৩০ বছরের কর্মজীবনে তিনি বেশ কয়েকটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
