‘ক্রাউড ফান্ডিং’ নিয়ে চট্টগ্রামে ইডিইউর আর্ন্তজাতিক সম্মেলন
দুই দিনের এ আয়োজনে দেশি-বিদেশি ১০জন গবেষক নিজেদের গবেষণা তুলে ধরবেন।
‘ক্রাউড ফান্ডিং’ নিয়ে চট্টগ্রামে দুই দিনের আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করেছে বেসরকারি ইস্টডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
সোমবার সকালে চট্টগ্রামে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রাউড ফান্ডিং ফর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সিকান্দার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে নরওয়ের ইউনিভার্সিটি অব আগদারের অধ্যাপক ড. রোথাম স্নেয়র বলেন, “ক্রাউড ফান্ডিং বিশ্বের অনেক দেশে এখন জনপ্রিয় ধারণা। দেশগুলোর অর্থনীতিতেও পড়ছে এর প্রভাব। উন্নত বিশ্বে এর জন্য সংস্থা গড়ে উঠছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
“উন্নয়নশীল দেশগুলোরও এর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে ক্রাউড ফান্ডিং।”
দুই দিনের এ আয়োজনে দেশি-বিদেশি ১০জন গবেষক নিজেদের মৌলিক প্রবন্ধ নিয়ে অংশ নিচ্ছেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও রিসার্চ কাউন্সিল অব নরওয়ের যৌথ উদ্যোগে প্রথমবার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে ‘অল্টারনেটিভ ফাইন্যান্স ট্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক প্রবন্ধে অধ্যাপক স্নেয়র বলেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকী নেপালের মতো দেশ ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশেরও দুটো প্রতিষ্ঠান প্রায় ৩৬ হাজার ডলার সংগ্রহ করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে। আরও কয়েকটি ক্রাউড ফান্ডিং প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশে।”
উদ্বোধনী বক্তব্যে ইডিইউর উপাচার্য সিকান্দার খান বলেন, “ক্রাউড ফান্ডিং কেবল অর্থ সংগ্রহ নয়, একইসাথে ব্যবসা বা প্রকল্পকে সহযোগিতা করার জন্য সামাজিক বলয়ও তৈরি করে। এভাবে সম্ভাব্য গ্রাহক ও বিনিয়োগকারীরা পরস্পর একীভূত হয়ে যে সম্পৃক্ততার সৃষ্টি হয়, তা সেই ব্যবসা বা প্রকল্পটির স্থায়িত্ব বাড়ায়।”
সম্মেলনের প্রথম দিনে ‘ক্রাউড ফান্ডিং ইন বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ পড়েন ইউনিভার্সিটি অব সাউদার্ন ইস্টার্ন নরওয়ের সহযোগী অধ্যাপক জিয়াউল হক মুনিম ও ইডিইউর সহকারী অধ্যাপক মুহাম্মদ হাসান শাকিল।
‘ক্রাউডফান্ডিং কালচারাল ইন্ডাস্ট্রিজ-দ্য ক্রাউডকাল প্রজেক্ট’ শিরোনামে প্রবন্ধ পড়েন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স-এর অধ্যাপক ড. নাটালিয়া মালে।
‘ক্যাম্পেইন ফিচারস অ্যান্ড ক্রাউড ফান্ডিং সাক্সেস: অ্যাভিডেন্স ফ্রম অটোমেটেড মেশিন লার্নিং’ শীর্ষক প্রবন্ধ পড়েন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ক্রিয়েটিভ আর্টস-এর অধ্যাপক ড. এলিজাবেথা লাজারো।
