২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাম: আরও দুজনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে চলতি বছর ১ হাজার ২৪২ জনের প্রাণ গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 06:10 PM

Updated : 28 Oct 2026, 06:10 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গে দুইজন মারা গেছেন। তারা ঢাকা ও সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪২ জনের প্রাণ গেল। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৭ জন। আর হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০১ জন, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৭, খুলনায় ৫৪ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩২২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে।

এ সময়ে ঢাকা বিভাগে ৫৫৩ জন, চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১১৭, বরিশালে ৯৭, খুলনায় ১১৮, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৪৪ ও রাজশাহীতে ২৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ শনাক্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে। যার মধ্যে ২৩ হাজার ৬৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।