২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও গবেষণা উন্নয়নে তহবিল সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিক পর্যায়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ড চালু করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 01:57 AM

Updated : 08 Feb 2024, 01:57 AM

শিক্ষা ও গবেষণা উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে একটি তহবিল গঠন করে অর্থ সংগ্রহ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই  তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

এই তহবিল সংগ্রহ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী এবং পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রাথমিক পর্যায়ে এই চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ড চালু করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে আজকে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের কার্যক্রম শুরু হল। এটি চলমান থাকবে এবং প্রতিবছরই একটি অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, স্বনামধন্য প্রতিষ্ঠান, ধনাঢ্য, দানবীর, শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিবর্গের নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করা হবে।”

তহবিল আরও বাড়াতে দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান উপাচার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামীতে একটি সাড়ম্বর অনুষ্ঠানে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের মুলধন ১ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভবপর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)