আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে। এর আগেরবারও এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।
সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত কেমিস্ট্রি অলিম্পিয়াডের ৫৫তম আসরে ব্রোঞ্জ পদক জিতেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার সন্তু।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড জানায়, প্রতিযোগিতায় অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ দলটি গত ১৬ জুলাই দেশ ছাড়ে এবং এই বিশ্বমঞ্চে এই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে বার্জার বাংলাদেশ দলের পাশে দাঁড়ায়।
বার্জারের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, “কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীর এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমরা আরও বেশি গর্বিত যে, বার্জার পেইন্টস এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরেছে। এই শিক্ষার্থীরা এবং তাদের মতো দেশের আরও অসংখ্য মেধাবীরা যাতে সামনের দিনগুলোতেও দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট থাকব।”
অভিষেক মজুমদার ছাড়াও প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আরও অংশ নেন নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী আহাদ ইসলাম, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের লিহান হায়দার এবং নটরডেম কলেজের আর্য্য কর।
এছাড়া, দলটির সঙ্গে মেন্টর হিসেবে আছেন বুয়েটের সাবেক শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রধান মেন্টর অধ্যাপক মোহাম্মদ ওয়াহাব খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির উদ্দিন।
আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে। এর আগেরবারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।
এবারের আসরে ৯০টি দেশের ৯০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতার শেষদিন ছিল ২৬ জুলাই।
বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি।
