Published : 15 Apr 2026, 06:04 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভাড়া নিয়ে বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠা অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটকের কথা জানিয়েছেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান।
মোহাম্মদ হাসান নামে সেই অটোরিকশাচালকের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেই।
ওসি বলেন, এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “যতটুকু জানতে পেরেছি তাকে তার বাড়ির আশপাশ থেকেই আটক করা হয়েছে। যেহেতু এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, আমাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হোক।”
এর আগে মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদি হাসানকে মারধরের অভিযোগ ওঠে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে।
সহকারী প্রক্টর কামরুল হোসেন বলেন, “ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেইটে যাওয়ার সময় নির্ধারিত ৭ টাকার পরিবর্তে সিএনজিচালক ১০ টাকা ভাড়া দাবি করেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় শিক্ষার্থী প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক শিক্ষার্থীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।”
মারধরে ওই শিক্ষার্থীর চোখে আঘাত লাগা, চশমা ভেঙে যাওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানান সহকারী প্রক্টর কামরুল হোসেন।
মারধরের খবর ছড়ালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেখানে যান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।