২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৩ শিক্ষার্থী পেলেন ‘আলী রীয়াজ গবেষণা পুরস্কার’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 05:09 PM

Updated : 24 Jan 2024, 05:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন জন শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা ট্রাস্ট ফান্ড’ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী তামারা ইয়াসমীন তমা এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মো. নাসিমুল হুদা এবং অর্থী নবনীতা।

বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীদের গবেষণার প্রশংসা করে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় মূলত গবেষণার জায়গা। এই ধরনের গবেষণা বর্তমান সময়ে প্রাসঙ্গিক। এই বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি গবেষণা কাজে আরও উৎসাহিত হবে।

“কমপক্ষে ৩০ শতাংশ শিক্ষার্থী এমএসএস পর্যায়ে যেন গবেষণায় সুযোগ পায় সে লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।”

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ বক্তব্য দেন।