০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার’ পেলেন সাত শিক্ষার্থী

“অ্যালগরিদম যেন ভবিষ্যৎ নির্ধারণ না করে। এআই যেন আপনার নিয়ন্ত্রণে থাকে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 01:14 PM

Updated : 07 Oct 2026, 01:14 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘আলী রিয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। এতে দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাংবাদিকতা বিভাগের সাত জন শিক্ষার্থী।

বুধবার সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিসটিংগুইশড প্রফেসর আলী রিয়াজ।

তরুণদের মুক্তচিন্তা, যুক্তি ও ভিন্নমতের প্রতি সহনশীলতার চর্চার আহ্বান জানিয়ে আলী রিয়াজ বলেন, "আপনারা প্রশ্ন করুন—কেন? শুধু সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে নয়, আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রশ্নটা করা। এই পৃথিবীটা আপনাদের।

"তারুণ্যের শক্তি যেন ঔদ্ধত্যে পরিণত না হয়। যুক্তি শাণিত হতে হবে, তবে তা যেন তরবারিতে পরিণত না হয়। ভিন্নমতের প্রতি সহনশীল হওয়া এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।"

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, স্বৈরাচারকে পরাস্ত করা গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ। তবে গণতান্ত্রিক উত্তরণ শুধু নির্বাচনে নয়; নাগরিকের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক ও স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়েই প্রকৃত গণতান্ত্রিক অংশীদারত্ব তৈরি হয়।

বর্তমান বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতি ও প্রযুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি এর ঝুঁকিও রয়েছে।

“অ্যালগরিদম যেন ভবিষ্যৎ নির্ধারণ না করে। এআই যেন আপনার নিয়ন্ত্রণে থাকে।”

অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নিতে অ্যালামনাইদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সবকিছু করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতার উপর গুরুত্ব দেন তিনি।

আলী রীয়াজ ট্রাস্ট ফান্ডের অর্থ ভবিষ্যতে বাড়ানোরও আহ্বান জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে দীর্ঘদিন পর অনেক ট্রাস্ট ফান্ডের অর্থের প্রকৃত মূল্য কমে যায়। ফলে সেসব তহবিল থেকে আগের মতো বৃত্তি বা পুরস্কার দেওয়া সম্ভব হয় না। তাই সময়ের সঙ্গে পুরস্কারের অর্থ বাড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, তাদের গবেষণার স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলী রিয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে।