১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিইউবিটিতে শুরু হচ্ছে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট'

“আমরা এই অঞ্চলের মেধাবী তরুণ প্রগ্রামারদের স্বাগত জানাতে প্রস্তুত এবং একটি স্মরণীয় ও নিখুঁত প্রতিযোগিতা উপহার দেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রগ্রামিং প্রতিযোগিতা ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রফি উন্মোচনের পাশাপাশি প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বলে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর এ প্রতিযোগিতা আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আলী আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির উপদেষ্টা অধ্যাপক আবু সালেহ এবং রেজিস্ট্রার হারুন-অর-রশিদ। 

অধ্যাপক মো. আবু সালেহ বলেন, “আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট আয়োজন করা বিইউবিটির জন্য একটি মাইলফলক। আমরা প্রতিযোগীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান সাইফুর রহমান বলেন, “আমাদের টিম প্রযুক্তিগত ও লজিস্টিক ব্যবস্থাপনাকে ত্রুটিমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই অঞ্চলের মেধাবী তরুণ প্রগ্রামারদের স্বাগত জানাতে প্রস্তুত এবং একটি স্মরণীয় ও নিখুঁত প্রতিযোগিতা উপহার দেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”