২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শোকাবহ অগাস্ট স্মরণে ঢাবিতে 'শোক পদযাত্রা'

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এ শোক পদযাত্রায় অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 05:42 PM

Updated : 01 Aug 2023, 05:42 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা স্মৃতি বিজড়িত শোকের মাস অগাস্টের প্রথম দিন 'শোক পদযাত্রা' করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয় এই পদযাত্রা।

শোক পদযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ শোকের মাস অগাস্টের প্রথম দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে যে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, একে আমি সাধুবাদ জানাই।

"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক, মানবিক, দূরদর্শী ও সকলকে সাথে নিয়ে দেশ পরিচালনার একটি সুন্দর দৃষ্টিভঙ্গি ছিল এবং সেই নিরিখে তার কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কাজ করছেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর, মানবিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন।"

উপাচার্য বলেন, “আজ এই শোক পদযাত্রার মাধ্যমে জাতির পিতার প্রতি টিএসসিভিত্তিক সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মান প্রদর্শন পূর্বক তারা অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের মডারেটর অধ্যাপক আহমেদুল কবিরও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।



ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, স্লোগান '৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, প্রভাতফেরী, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ শোক পদযাত্রায় অংশ নেয়।