১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিএসসি কেন্দ্রে ৬৯% ভোটগ্রহণ

“তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে- ভোটগ্রহণ যেভাবে চলেছে, তাতে সবগুলো কেন্দ্রে ২৫ থেকে ৩০ হাজার ভোটগ্রহণ হতে পারে,” বলেন পর্যবেক্ষক শাহমান মৈশান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ডাকসু নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে ভোট পড়েছে ৬৯ শতাংশ।

এ তথ্য জানিয়ে রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমাদের কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। দুপুরে একটু গতি কমেছে, কিন্তু ভোটগ্রহণ স্বাভাবিক ছিল।“

প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫ হাজার ৬৬৫ জন।

সকালে ভোটগ্রহণ শুরুর পর নাসরিন সুলতানা প্রথম ঘণ্টায় প্রতিটি বুথে গড়ে ৪০ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছিলেন। সেই হিসাবে ১৯টি বুথে প্রথম ঘণ্টায় ৭৬০ জন ভোট দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পর্যবেক্ষক দলে ছিলেন থিয়েটার পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান। তাদের পর্যবেক্ষক দলটি সবগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

শাহমান মৈশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের যে পর্যবেক্ষণ, সেটি বিস্তারিত পরিসরে তুলে ধরতে হলে আরেকটু সময় লাগবে।

“তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে- ভোটগ্রহণ যেভাবে চলেছে, তাতে সবগুলো কেন্দ্রে ২৫ থেকে ৩০ হাজার ভোটগ্রহণ হতে পারে।”

কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, “কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা উচিত এবং সেটি কঠিন কোনো কাজ নয়। 

“কেন্দ্রের সিসি ক্যামেরা চেক করা যেতে পারে। নানাভাবেই এটা তদন্ত করে দেখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নৈতিক অবস্থান, সেই জায়গা থেকে একটা অভিযোগ এলেও, তা গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া উচিত এবং তা খতিয়ে দেখা উচিত।”

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৮ বার।

এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৫ বছরে নবমবারের মতো মঙ্গলবার ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।