বেড়াতে গিয়ে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল জবি শিক্ষার্থীর
তার সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে; আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনায় পড়েন বলে প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল জানান।
নিহত অভিজিৎ হালদার বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
এ ঘটনায় আহত শিক্ষার্থী অনন্যা হালদার অন্তু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রক্টর মোস্তফা কামাল বলেন, “ওরা দুজন মিলে মাওয়া যাওয়ার পথে এই নির্মম দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে ছিল আমাদের শিক্ষার্থী অনন্যা হালদার অন্তু। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
“আইনি প্রক্রিয়া শেষে অভির মরদেহ হাইওয়ে পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।”
অভির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
