২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষা হবে ঢাকা ও রাজশাহীতেও

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মান বণ্টনে আনা হয়েছে পরিবর্তন।

চবির ভর্তি পরীক্ষা হবে ঢাকা ও রাজশাহীতেও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 09:12 PM

Updated : 22 Dec 2023, 09:12 PM

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিতে পারবেন ২৫ হাজার পরীক্ষার্থী, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই সংখ্যা ১৫ হাজার। 

বৃহস্পতিবার উপাচার্য শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কমিটির সদস্য সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ জানান, প্রতিবারের মত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। 

এবারও ১০০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে ২০ নম্বর যোগ হবে। 

তবে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মানবণ্টনে আনা হয়েছে পরিবর্তন। ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বর থাকবে। এছাড়াও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবে এই ইউনিটে।  

২ মার্চ বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের মাধ্যমে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।  এরপর ৮ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ৯ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদভূক্ত আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এছাড়াও ৩ ও ৪ মার্চ 'বি'-১ ও 'ডি'-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।  

শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।