২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আইইউবিতে হলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা পর্ব

বাছাই হওয়া ২৪৬ জনকে দেওয়া হয় মেডেল, সনদ ও টি-শার্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:29 PM

Updated : 06 Feb 2023, 09:29 PM

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব।


শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এতে বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে চার ক্যাটাগরিতে মোট ২৪৬ জনকে বাছাই করা হয়। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৮৪ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৫৬ জনকে পুরস্কার হিসেবে দেয়া হয় মেডেল, সনদ ও টি-শার্ট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, আইইউবির উপাচার্য তানভীর হাসান, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান ও ঢাকা আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ এবং ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম।