নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশের মঞ্চে
ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় বুধবার ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’ আয়োজন করে আইইউবি।
সাহিত্যে নোবেলজয়ী নরওয়ের নাট্যকার ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবারের মত বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে।
বুধবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’-এর অংশ হিসেবে আইইউবি নাটকটি মঞ্চস্থ করে।
ইয়োন ফসে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নোবেল কমিটির ভাষায়, তার ‘নতুনত্বপূর্ণ নাটক ও গদ্য’ অকথ্য বিষয়কেও কণ্ঠ দিয়েছে।
‘সুসানাহ্’ বাংলায় অনুবাদ করেছেন সুবাহ বিনতে আহসান এবং আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। নাটকটির নির্দেশনাও দিয়েছেন আহসানুজ্জামান। এতে অভিনয় করেছেন আইইউবির শিক্ষার্থীরা।
আগামী ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় বুধবার ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’ আয়োজন করে আইইউবি।
নরওয়ের দুই সাহিত্যিক হেনরিক ইবসেন ও ইয়োন ফসের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজিত এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও নাট্যকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম।
ইবসেন ও ফসের সাহিত্যকর্ম নিয়ে একটি একাডেমিক প্যানেল আলোচনাও হয়। এতে আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক সরকার হাসান আল জায়েদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সাবিহা হক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ।
উৎসবের অংশ হিসেবে ‘গণতন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে হেনরিক ইবসেন’ শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয়। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩১৬ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।
