Published : 09 Sep 2025, 06:43 PM
বড় কোনো গোলযোগ ছাড়া শেষ হওয়া ডাকসু নির্বাচনের ফল গণনা চলছে যন্ত্রে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার প্রক্রিয়া সারতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আরও ৪৫ মিনিট লেগে যায়। বিকাল ৫টার পর এ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।
প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হচ্ছে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা গেছে, বিকাল সোয়া ৫টায় ব্যালট বাক্স খোলা হয়। এরপর মেশিনে দেওয়ার জন্য গোছানো হয় ব্যালট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গণনা শুরু করতে ৪৫ মিনিট বিলম্ব হয়।

মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলছে।
রিটার্নিং কর্মকর্তা শহিদুল জাহীদ, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানাসহ অন্যরা উপস্থিত আছেন। কেন্দ্রের বাইরে বড় পর্দায় ভোট গণনা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
• নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
• পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন; ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন ভোটার।
• ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন।
• প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি।
• ১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় করেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে। আর ১৩ জন করে ২৩৪ নেতা পাচ্ছে পাচ্ছে ১৮টি হল সংসদ।
ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। ছয় বছর পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৮ বার।
এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৫ বছরে নবমবারের মতো মঙ্গলবার ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।