Published : 29 Oct 2025, 08:10 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে হয়ে গেল ‘গ্র্যাজুয়েট কলোক্যুয়াম সিরিজ: ফল ২০২৫’ আলোচনাসভা।
অনুষদ সদস্য, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে বুধবার এ সভা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও মানবিক এবং সামাজিক বিজ্ঞানের ডিন মো. রিজওয়ানুল ইসলাম উপস্থাপকদের স্বাগত জানান। অনুষ্ঠানে আলোচক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বুলবুল সিদ্দিকী।
অধ্যাপক রিজওয়ানুল ইসলাম শিক্ষার্থীদের গবেষণা পরিচালনার চেষ্টা অব্যাহত রাখতে উৎসাহ দেন। বুলবুল সিদ্দিকী উপস্থাপিত প্রবন্ধের পদ্ধতি, তাত্ত্বিক কাঠামো এবং নীতিগত প্রভাব সম্পর্কে তার মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন নর্থ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এর শিক্ষার্থী মনীশ কুমার আগরওয়াল, আইন বিভাগের শিক্ষার্থী আখলাক উল ইসলাম, ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বাপ্পী এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের শিক্ষার্থী সুরিয়া আখতার সৃষ্টি।
মনীশ কুমার আগরওয়াল ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা’ প্রবন্ধ উপস্থাপন করেন।
আখলাক উল ইসলাম ‘উন্নয়নশীল জাতির ডিজিটাল বাণিজ্য এবং ডিজিটাল সার্বভৌমত্বের ভারসাম্য: চীন, ভারত এবং বাংলাদেশের ডিজিটাল ডাটা স্থানীয়করণ প্রচেষ্টার তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
মনিরুল ইসলাম বাপ্পি ‘আখ, রাষ্ট্র এবং ভূ-রাজনীতি: উত্তরবঙ্গের শিল্পায়ন, ১৯৩০-১৯৬০’ শীর্ষক বিশ্লেষণমূলক প্রবন্ধ উপস্থাপন করেন।
সুরিয়া আখতার সৃষ্টি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাটক এস্কিলাসের আগামেমনন এ পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে নারীবাদের প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।