জগন্নাথে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসুদপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থী এবং তাদের সহযোগিতা করায় আরও চার ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে ‘খ’ ইউনিটের ওই ভর্তি পরীক্ষা চলার সময়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে নকলের সময় জবি কেন্দ্র থেকে চারজন, বুয়েট ও সিদ্ধেশ্বরী কেন্দ্র থেকে একজন করে শিক্ষার্থীকে আটক করা হয়।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
জবি কেন্দ্র থেকে আটক পরীক্ষার্থীরা হলেন- এমাজুর রহমান, তালহা জুবায়ের, ইমরান আহমেদ ও নুসরাত জাহান।
এছাড়া বুয়েট কেন্দ্র থেকে খোরশেদুল ইসলাম এবং সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র থেকে কামরুল ইসলাম।
আর তাদেরকে সহযোগিতার অভিযোগে জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নিউটন, আবু ইউসুফ, লেলিন ও বহিরাগত আরমানকে আটক করা হয়।
আটক পরীক্ষার্থী ও তাদের সহযোগীদের কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ।
তিনি বলেন, “আটক পরীক্ষার্থীদের দেয়া তথ্যমতে আরও দুইজন তাদেরকে নকলে সহায়তা করেছেন। তারা হলেন, জবির ফাইনান্স বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রাব্বি এবং শিশির। তবে তাদেরকে খুঁজে পায়নি কর্তৃপক্ষ।”
এদিকে পরীক্ষা শুরুর পূর্বেই জবি ক্যাম্পাস কেন্দ্রে গোপনে মোবাইল নিয়ে প্রবেশের সময় তিন পরীক্ষার্থীকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা হলেন- মানিক চন্দ্র, হোসেন আহমেদ এবং নাজমুল হোসেন। তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া না হলেও পুলিশে সোপর্দ করা হয়নি।
এর আগে এসএমএসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে গত ১২ সেপ্টেম্বর জবি বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় তিন পরিক্ষার্থী এবং ৫ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের পরীক্ষায় সাত ভর্তিচ্ছু আটক হয়েছিল।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে (বি ইউনিট) ৭১০টি আসনের বিপরীতে ৫০ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষার জন্য আবেদন করে।
বিকেল সাড়ে ৩টায় সাতাশটি কেন্দ্রে জবি ‘খ’ ইউনিটের একযোগে পরীক্ষা শুরু হয়।
