২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকবাসে বোমা: চবি শিক্ষকদের কর্মবিরতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে শিবিরের বোমা হামলার প্রতিবাদে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে চবি শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি বেনু কুমার দে জানান, কর্মসূচির প্রথম দিন একঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা কার্যক্রমে অংশ নেয়নি।

আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবারের ওই হামলার পর বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার থেকে টানা চার দিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।

বেনু কুমার বলেন, জড়িতদের  গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী ও উপাচার্য বরাবরে শিক্ষক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে।

বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী সড়কের ছাড়ারকূল স্থানে হল খুলে দেওয়ার দাবিতে ‘সাধারণ ছাত্রছাত্রীদের’ ব্যানারে আন্দোলনরত শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসে হাতবোমা নিক্ষেপ করে। এতে শিক্ষকসহ ১৪জন আহত হন।

পুরনো খবর:

হামলার প্রতিবাদে চবি শিক্ষকদের কর্মসূচি