২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ

আইন বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 02:09 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগর ক্যাম্পাস বন্ধ থাকবে।

তবে চট্টগ্রাম শহরের দুটি ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি। 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বার কাউন্সিল কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনরোলমেন্ট পরীক্ষার ফরম না দেয়ায় বিজিসি ট্রাস্টের নগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা আইনজীবী হিসাবে নিবন্ধনের ওই পরীক্ষায় অংশ নিতে পারছেন না ।

এ কারণে আন্দোলন শুরুর পর শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাস ভাংচুর করে আইন বিভাগের শিক্ষার্থীরা। সোমবারও তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

একই কারণে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালেও চন্দনাইশের বিদ্যানগরে মূল ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চন্দনাইশ থানার ওসি মো. বদিউজ্জামান।

সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন বলেন, “আইন বিভাগের একটি সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন পর্যন্ত বার কাউন্সিলের কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। বিষয়টি আমরা শিক্ষার্থীদের বোঝাতে পারছি না। জননিরাপত্তার কথা বিবেচনায় আমাদের ক্যাম্পাস বন্ধ ঘোষণা করতে হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি ) সোমবার যে ১২টি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি ক্যাম্পাসে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্তক করে দিয়েছে তার মধ্যে বিজিসি ট্রাস্টের ও আর নিজাম রোডের ক্যাম্পাসও রয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভাংচুর
চট্টগ্রামে সড়ক আটকে শিক্ষার্থীদের অবস্থান
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষা নিয়ে রিট আবেদন