বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষা নিয়ে রিট আবেদন
বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ খোলা বা এলএলবি ও এলএলএমে শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন হয়েছে।
বার কাউন্সিলের সনদের জন্য পরীক্ষায় অংশ নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের জটিলতার মধ্যেই বুধবার এই আবেদন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও বাংলাদেশ বার কাউন্সিলকে এতে বিবাদী করা হয়েছে।
সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের সম্মতি ছাড়া কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ খোলা এবং এলএলবি ও এলএলএম কোর্সে শিক্ষার্থী ভর্তি না করতে কেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে নির্দেশনা দেয়া হবে না- তা জানতে রুলও চেয়েছেন আবেদনকারী।
আইন বিষয়ে লেখাপড়া করার পর আইন পেশায় যোগ দিতে হলে অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে বার কাউন্সিলে নিবন্ধিত হতে হয়। ২০১৩ সালের সর্বশেষ প্রিলিমিনারি পরীক্ষাতেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নিতে দেয়া হয়। সম্প্রতি ওই ব্যাচের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।
তবে গত বছর এ পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
লিখিত কোনো নোটিস না থাকলেও বার কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিছু বিশ্ববিদ্যালয় অনুমোদন না নিয়ে কোর্স চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিষয়টির ফয়সালা না করা পর্যন্ত তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনরোলমেন্ট পরীক্ষার ফরম দিতে চান না।
বর্তমানে বার কাউন্সিলে নতুন একটি প্রিলিমিনারি পরীক্ষার ফরম বিতরণ চলছে। সেখানেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফরম দেয়া হচ্ছে না।
