চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভাংচুর
আইনজীবী হিসেবে নিবন্ধনের পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে বিক্ষোভের পর দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসে ভাংচুর করে আইন বিভাগের শিক্ষার্থীরা।
ভাংচুরের ছবি তুলতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন চার আলোকচিত্রী।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে ১০ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত শিক্ষার্থী মো. এমরান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন আগে পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পেরেছি, আমাদের এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবে না।
“ইউজিসি এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও তারা শুধু আশ্বাস দিয়ে দায় শেষ করেছে।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতেই সকাল থেকে তারা প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে জড়ো হন বলে জানান এমরান।
দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পেয়ে ক্যাম্পাসের ভেতর কেন্টিন ও কয়েকটি কক্ষের কাঁচ ভাংচুরের পর মূল সড়কসংলগ্ন জানালায় ভাংচুর করে শিক্ষার্থী।
ছবি তুলতে গেলে দৈনিক পূর্বকোণের আলোকচিত্রী শরিফ চৌধুরী ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমকের আলোকচিত্রী উজ্জ্বল ধরকে বাধা দেন শিক্ষার্থীরা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার এসআই রাসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বিষয়টি সুরাহা করতে ১০ দিন সময় নিয়েছেন।
বৈঠক শেষে এ ঘোষণা দেয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিরে যায়।
এবিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল হুদা সিকদারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে কর্তব্য পালনকালে বাধার সম্মুখীন হওয়ায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
