ইবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রক্টর মাহাবুবর রহমান জানান, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার বেলা ১২টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হল ছাড়তে হবে।
“পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিশ্ববিদ্যালয়ের শৃংখলা ফেরাতে রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।”
তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমগুলো চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হাকিম সরকার।
উপাচার্য আরো জানান, সংঘর্ষের ঘটনা তদন্তে অধ্যাপক তালুকদার মো. লোকমান হাকিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগকর্মীরা। এ সময় অন্তত ১৫ নেতাকর্মী আহত হলে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মুর্তজা খসরু অভিযোগ করেন, গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে রোববার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির। মিছিল শেষে সমাবেশে শিবির নেতারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়।
এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মিজানুর রহমান মিনু, ছাত্রলীগ কর্মী বিপ্লব কর্মকার, টনি ও রিপন রাবার বুলেটে আহত হন। পুলিশের লাঠির আঘাতে আহত হন জুয়েল রানা নামে আরেকজন।
এরপর সন্ধ্যায় অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম আহমেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”
প্রক্টর মাহবুবর রহমান বলেন, প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগের মিছিল থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের গাড়ির দিকে ইট ছোড়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ছাত্ররা সংঘর্ষে জড়ায়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “আইনশৃংখলা বাহিনীর কাজে বাধা দেয়ায় এবং তাদের ওপর আক্রমণ করায় আত্মরক্ষার জন্য পুলিশ রাবার বুলেট ছুড়েছে।”
এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকালের দিকে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামীম আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভুত পরিস্থিতির নিরসনে যা করা উচিত ছিল সেটা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ক্যাম্পাস বন্ধ রাখার মত কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে প্রয়োজনীয় সমাধানের পথ খুঁজতে হবে।”
উপাচার্য আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য মো. শাহিনুর রহমানসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা।
