২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবিরের বোমাবাজি: হল থেকে আটক ১৮

ভর্তি পরীক্ষার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের বোমাবাজি ও ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর একটি হল থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বিকাল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলে অভিযান চালিয়ে বহিরাগত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।

তবে আটককৃতদের দাবি, তারা সবাই ভর্তি পরীক্ষা দিতে হলে উঠেছে।

এবিষয়ে প্রক্টর বলেন, “আটককৃতরা ভর্তি পরীক্ষার্থী হলে তাদের পরীক্ষার প্রবেশ পত্র দেখে ছেড়ে দেয়া হবে।”

দুপুরে বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার আগে হলের সামনে শিবিরকর্মীরা হাতবোমা ফাটায়। এর পর ছাত্রলীগকর্মীদের সঙ্গে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে সোহরাওয়ার্দী হল পর্যন্ত এলাকায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

পরে বিকাল সোয়া ৪টার দিকে শাহ আমানত হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

পুরনো খবর:

ভর্তি পরীক্ষার আগে চবিতে শিবিরের বোমা, ভাংচুর