ভর্তি পরীক্ষার আগে চবিতে শিবিরের বোমা, ভাংচুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর আগে হলের সামনে হাতবোমার ফাটিয়েছে ইসলামী ছাত্র শিবির।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
এসময় বাণিজ্য অনুষদভুক্ত সি-২ ও সি-৩ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুরা হলের সামনে জমায়েত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ভর্তিচ্ছুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ২টার দিকে তারা হলে প্রবেশ করার সময় লিফলেট বিলি করছিল কয়েকজন শিবিরকর্মী। এসময় ছাত্রলীগ কর্মীরা এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শিবিরকর্মীরা ছাত্রলীগ কর্মীদের তাড়িয়ে দেয়।
“পরে তারা ওই অনুষদের সামনে একটি হাতবোমার বিস্ফোরণও ঘটায়।”
দুপুর ৩টার দিকে শহর থেকে আরো ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে জড়ো হলে শিবিরকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি সিএনজি অটোরিকশাও ভাংচুর করে শিবিরকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর বিকাল সোয়া ৪টার দিকে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে পুলিশ শাহ আমানত হলে তল্লাশি শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে ও ভর্তি পরীক্ষা দিতে আসা অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
