২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির তিন হলে বিক্ষোভ

খাবারের মান বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি বাড়ানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাংচুরসহ দুই প্রাধ্যক্ষকে অন্তত একঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল এবং সাড়ে ১১টায়কে শহীদ শামসুজ্জোহা আবাসিক হলে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় একই দাবিতে নবাব আব্দুল লতিফ আবাসিক হলের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে ।

পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগের ব্যাপারে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। ইন্টারনেট গতি ও খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শিগগির নেয়া হবে।

সকালে জিয়া হলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ অধ্যাপক নারায়ণ রায়ের কক্ষের সামনে জড়ো হয়ে প্রাধ্যক্ষের কক্ষের দরজা, নেমপ্লেট ও ডায়নিংয়ে ভাঙচুর চালায়।

দায়িত্বে অবহেলার অভিযোগ এনে এরপর প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে তার পদত্যাগ দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পর প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে প্রাধ্যক্ষকে উদ্ধার করেন এবং শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জিয়া হলের আবাসিক হলের শিক্ষার্থী রাজু আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হল ডায়নিংয়ের নিম্নমানের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

হলের ওয়াইফাই ইন্টারনেট সংযোগ কম গতির হওয়ায় তা কোনো কাজে আসে না অভিযোগ করে তিনি জানান, এ ব্যাপারে প্রাধ্যক্ষকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে হলগেটে তালা দিয়ে বিক্ষোভ করে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থীরা।

সমস্যার কথা জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করে আবাসিক শিক্ষার্থী সাজেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি আদায়ে আজ প্রাধ্যক্ষ ও তত্ত্বাবধায়কসহ কয়েকজন কর্মচারীকে হল কার্যালয়ের ভিতরে অবরুদ্ধ করে রাখতে বাধ্য হয়েছি।”

এখানেও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন বলে জানান তিনি ।

শামসুজ্জোহা আবাসিক হল প্রাধ্যক্ষ প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবির কথা আমি শুনেছি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।”

বিকালে নবাব আব্দুল লতিফ আবাসিক হলের শিক্ষার্থীরা একই দাবিতে ভাংচুর চালান বলে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।