পুরনো সিলেবাসের প্রশ্নে বিপাকে জেএসসি পরীক্ষার্থীরা
ঢকার সাভারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার একটি কেন্দ্রে শুক্রবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেয়া হয়েছে পুরনো সিলেবাসের প্রশ্নে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা হল ইনচার্জকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এসব শিক্ষার্থীদের ভীবষ্যৎ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২২০ নং কক্ষে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান।
জেএসসি পরীক্ষার্থী রাব্বানী আব্দুল্লাহ, রাসেল মিয়া, ফয়সাল মিয়া, লালচাঁন মিয়া, আকাশ হোসেন, রাকিবুল হাসানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, কেন্দ্রের ২২০ নং কক্ষে তারা ২০ জন পরীক্ষার্থী বাংলা প্রথমপত্র প্রশ্ন পাওয়ার পর দেখে সেটি ২০১২ সালের সিলেবাস অনুযায়ী করা।
তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীরা বিষয়টি হল ইনচার্জ আলী আজগরকে জানায়। কিন্তু তিনি দুই ঘণ্টা পরীক্ষা চলার পর শিক্ষার্থীদের ২০১৩ সালের প্রশ্নপত্র দেন।
তখন তিনি তাদের সময় বাড়িয়ে দেয়ার কথাও বলেন। কিন্তু যথাসময়ে পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীদের খাতা কেড়ে নেয়া হয় বলে তারা অভিযোগ করেন।
ওই সময় এর প্রতিবাদ করলে হল ইনচার্জ আলী আজগর পরীক্ষার্থী আকাশ হোসেনকে চড় মারেন বলেও আকাশ অভিযোগ করে।
এদিকে শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল্লাহ আল ফারুক, শামীম খান, রুনা বেগমসহ বেশ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে হল ইনচার্জ আলী আজগর লাপাত্তা।
তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। এ ঘটনায় অভিভাবকরা বাংলা প্রথমপত্রের ফলাফর নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
হল ইনচার্জ আলী আজগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে কয়েকজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন।
কিন্তু বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা ও শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনদিস সুরাহা করবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব এ ভুলের সব দায়দায়িত্ব নিয়েছেন।
এ ভুলের সব দায়দায়িত্ব কেন্দ্র সচিব অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের বলে জানান ইউএনও।
এ ব্যাপারে হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয় নিয়ে তিনি সংশ্লিষ্ঠ দপ্তরে কথা বলেছেন। কোনো সমস্যা হবে না। তাছাড়া পুনরায় এই প্রশ্নপত্রের পরীক্ষা নেয়ার আর সুযোগ নেই।
তিনি বলেন, “হল ইনচার্জ তাৎক্ষণিক আমাকে জানালে একটা ব্যবস্থা করা যেত।”
তবে বাংলা প্রথমপত্রে ছাত্ররা ফেল করলে কী করণীয় জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমি আশাবাদী ছাত্ররা ফেল করবে না।”
