২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ও যবির ভর্তি আবেদন ১ অক্টোবর থেকে

শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

আগামী ৩০ নভেম্বর অভিন্ন প্রশ্নপত্রে ওই দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

রোববার দুপুরে শাবি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীরা অভিন্ন প্রশ্নপত্রে একই পরীক্ষার মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

এই জন্য তাকে সুবিধামত শাবিপ্রবি অথবা যবিপ্রবি এর যে কোনো একটিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে পছন্দ করতে হবে। তবে আবেদন করার সময় তাকে দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করতে হবে।

এছাড়া শিক্ষার্থীরা চাইলে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে জন্যও আবেদন করতে পারবে। সমন্বিত এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সিলেটে থেকে যশোরের এবং যশোরে থেকে শাবির ভর্তি পরীক্ষায়ও অংশ নিতে পারবে বলে জানান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

ভর্তির আবেদন প্রক্রিয়া

ছাত্রছাত্রীদেরকে শাবিপ্রবি ও যবিপ্রবির জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী A ও B উভয় ইউনিটেই পরীক্ষা দিতে চায়, তাহলে উভয় ইউনিটের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষা পাশ করেছে, তারা A ও B উভয় ইউনিটে এবং অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।

উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য A ও B ইউনিটকে আবার কতগুলো সাব ইউনিটে ভাগ করা হয়েছে। শাবিপ্রবির জন্য সাব ইউনিট গুলো হল A1, B1, B2, B3, B4 এবং যবিপ্রবির জন্য সাব ইউনিট গুলো হল A2, B5, B6, B7। 

উভয় বিশ্ববিদ্যালয়ের সাবইউনিটগুলো এমনভাবে সাজানো হযেছে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাব ইউনিটে আবেদন করলে ওই বিশ্ববিদ্যালয়ের একই ইউনিটের অপর সাবইউনিটে আবেদন করা যাবে না।

আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের নাম, এইচএসসি/সমমান/কারিগরি/মাদ্রাসা বোর্ডের প্রথম তিন অক্ষর, এসএসসি/সমমান/কারিগরি/মাদ্রাসা পরীক্ষার রোল নম্বর, পাসের সন, ইউনিটের কি-ওয়ার্ড (A1, A2, B1, B2, B3, B4, B5, B6, B7) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

যেমন সিলেট বোর্ড থেকে ২০১৩ সালে এইচএসসি পাশ কোনো শিক্ষার্থী যদি A1 ইউনিটে আবেদন করতে চায়, তাহলে তাকে SUST<space> SYL<space>123456<space>2013<space> A1 এবং যদি যশোরে আবেদন করতে চায় তাকে JSTU<space> SYL<space>123456<space>2013<space> A1 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি পরীক্ষার যোগ্যতা:

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০১২/২০১৩ সালে অনুষ্ঠিত এইচ.এস,সি/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন করার জন্য এইচএসসি বা সমমান ও এসএসসি বা সমসান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট ৬.৫ থাকতে হবে।

এছাড়া জিসিই O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জিসিই A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।

আর্ন্তজাতিক গণিত অলিম্পিয়াড, আর্ন্তজাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আর্ন্তজাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আর্ন্তজাতিক  অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল পাওয়া ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে শাবিপ্রবি ও যবিপ্রবিতে ভর্তির সুযোগ পাবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ২৫ সেপ্টেম্বর থেকে দুই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ও www.jstu.edu/admission ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।