রোকেয়ায় উপাচার্যবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের বরখাস্ত
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকারী ছয় শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে বরখাস্তের এই আদেশ হওয়ার পর উপাচার্যবিরোধী শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে উপাচার্যের বাসভবন অবরোধের ঘোষণা দিয়েছে।
বরখাস্ত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, প্রভাষক ওমর ফারুক।
তাদের সঙ্গে সহকারী নিবন্ধক আমিনুর রহমান এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মামদুদুর রহমানকেও বরখাস্ত করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় নিবন্ধক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ছয়জনকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়।
নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত থেকে আইনবহির্ভূতভাবে কর্তৃপক্ষের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে আন্দোলন এবং মামলা দায়ের করার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
উপাচার্যের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে বরখাস্তের আদেশ হওয়ার পরপরই উপাচার্যবিরোধীরা সংবাদ সম্মেলন করেন। ‘দুর্নীতি বিরোধী মঞ্চ’র ব্যানারে উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তারা।
মঞ্চের নেতা সদ্য বরখাস্ত হাফিজুর রহমান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা উপাচার্যের দুর্নীতির প্রতিবাদ করছি। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে তিনি কী পরিমাণ দুর্নীতি করেছেন তা ইউজিসির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উপাচার্যকে অপসারণের সুপারিশও করা হয়েছে।
“এরপরও তিনি পেছনের তারিখ দিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন, যা অবৈধ ঘোষণা করে ইউজিসি। তিনি গোপনে ১৪ শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করলে আমরা তা বাতিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করি।”
“উপাচার্য অনিয়ম-দুর্নীতি করবেন, আমরা তার প্রতিবাদ করতে পারবো না?” প্রশ্ন করেন তিনি।
সেলিম বলেন, “বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবন অবরোধ করে রাখা হবে।”
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্যের বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা এবং নিয়মিত, এডহক ও দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী পদে নিয়োগ স্থগিত করে।
শিক্ষকরা বলছেন, ওই আদেশ অমান্য করে পেছনের তারিখে উপাচার্য ৪১৬ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। বিষয়টি জানতে পেরে ইউজিসি গত ৩ এপ্রিল উপাচার্যকে চিঠি দিয়ে জানায়, এসব নিয়োগ অবৈধ।
৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপাচার্য আব্দুল জলিল মিয়াকে অবিলম্বে অপসারণ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে ইউজিসির নিষেধাজ্ঞা অনুযায়ী সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতেও বলা হয়।
ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মানা উপেক্ষা করে আবারো ১৪ জন শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া ৭ এপ্রিল প্রকাশ হয়।
তখন নিয়োগ প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে রংপুরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আবেদন করেন দুর্নীতি বিরোধী মঞ্চের পক্ষে হাফিজুর রহমান সেলিম। ওই আবেদনে গত ১০ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।
