২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় হামলা: তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান শিশির (ইংরেজি ১ম ব্যাচ), হাদীউজ্জামান হাদী (কম্পিউটার সাইন্স ১ম ব্যাচ) ও মোহাম্মাদ আলী রাজ (হিসাববিজ্ঞান ১ম ব্যাচ)।

আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলার পর বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে।

আহত শিক্ষকরা সুস্থ হওয়ার পর এদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান ওসি।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহবায়ক আরএম হাফিজুর রহমান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন জনের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়েছিল।

উপাচার্যের পদত্যাগসহ চারটি দাবিতে গত কিছু দিন ধরে ‘সচেতন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষকদের একাংশ। এরপর ‘সম্মিলিত ছাত্রসমাজের ব্যানারে তাদের সঙ্গে যোগ দেয় শিক্ষার্থীরা। গত শনিবার থেকে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে মঞ্চ করে কর্মসূচি চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা হয়। ছাত্রলীগের নাম নিয়ে ওই হামলাকারীরা হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অ্যাসিডও ছোড়ে বলে আন্দোলনকারীদের অভিযোগ।

এতে আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে দুই শিক্ষকের চোখের ওপরে ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে গেছে। এতে গুরুতর আহত ড. তুহিন ওয়াদুদ ও মতিউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন আছেন।