২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগের প্রশ্ন নিয়ে প্রতারণা, আটক ২৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন বিক্রির’ নামে প্রত্যারণার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 05:14 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

Image
নিয়োগ পরীক্ষা, ফাইল ছবি

নিয়োগ পরীক্ষা, ফাইল ছবি

র‌্যাবের দাবি, রাজশাহী থেকে প্রশ্ন ফাঁসকারী চক্রের মূল হোতাকেও গ্রেপ্তার করেছে তারা। 

দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) শুক্রবার সকাল ১০টা থেকে ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে এই পরীক্ষা হয়। ১১ লাখ ৯০ হাজার প্রার্থীর মধ্যে ১৪ হাজার ৮৫৮ জনকে এই পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, “বিভিন্ন জেলা থেকে আমরাও প্রশ্ন ফাঁসের খবর পেয়েছি। কয়েকজনকে আটকও করা হয়েছে। পরীক্ষার পর উদ্ধার করা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে জেলা প্রশাসকরা জানিয়েছেন যেসব প্রশ্ন উদ্ধার করা হয়েছে তার সবই ভুয়া। টাকার জন্য কিছু লোক এই প্রতারণা করেছে।”

নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্য থেকেই বিভিন্ন জেলায় ফটোকপির দোকানে প্রশ্নপত্র ‘বিক্রির’ খবর আসতে থাকে।    

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায়, অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিসহ আটজনকে আটক করে র‌্যাব-৫। তাদের কাছ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘ফাঁস হওয়া প্রশ্নের’ নমুনাও পাওয়া যায়।

র‌্যাবের দাবি, আটক মোস্তাফিজই এই চক্রের ‘মূল হোতা’।

বৃহস্পাতিবার রাত সোয়া ১১টার দিকে গোপালগঞ্জ শহরের তিনটি কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে।

গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের এস আই মোয়াজ্জেম হোসেন জানান, আটক ব্যক্তিরা ‘প্রশ্নপত্র’ ফটোকপি করছিল।

কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকার একটি ফটোকপির দোকান থেকে কথিত প্রশ্নপত্রসহ পাঁচজনক গ্রেপ্তার করা হয় বলে সদর মডেল থানার ওসি হাম্মাদ হোসেন জানান।

নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সন্দেহভাজন সাত জনকে  আটক  করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ওসি মফিজুল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাশেদুল হক প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে ফটোকপির দোকানে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ।

সেখানেও কিছু নমুনা জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

কুষ্টিয়া, মংমনসিংহ, টাঙ্গাইল, নরসিংদীসহ দেশের অন্যান্য জেলা থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে।