২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির কর্মীদের সিট ‘বরাদ্দে’ রুয়েটের হলে ছাত্রলীগের তালা

শিবির নেতা-কর্মীদের নামে আবাসিক হলের আসন ‘বরাদ্দের’ প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক আবাসিক হলে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার রাতে শহীদ লে. সেলিম হলে তালা লাগানো হয়।

তবে হল কর্তৃপক্ষ বলছে, বৈধতার ভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে, কোন রাজনৈতিক সংগঠন বিবেচনায় নয়।

ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে সারাদেশে শিবিরের নৈরাজ্য চলছে, সেখানে রুয়েটে ওই মৌলবাদী সংগঠনটিকে প্রতিষ্ঠার পাঁয়তারা করছে প্রশাসন।”

তিনি দাবি করেন, ওই হলের ৩৪১, ৩২৯, ৩৩৯ এবং ৩৪০নম্বর কক্ষ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বরাদ্দ দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এই সিট বরাদ্দ না দিয়ে লটারির মাধ্যমে তা করা হয়। এতে ‘অনিয়ম’ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ হল কর্তৃপক্ষকে সিট বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছে।

হল প্রাধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, যথাযত নিয়ম অনুসরণ করে লটারির মাধ্যমে হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। এতে কে শিবির বা ছাত্রলীগ করে তা চিহ্নিত করা সম্ভব হয় নি।

তিনি আরো বলেন, “আমরা শিক্ষক এখানে কে কোন দল করে তা চিহ্নিত করতে বসিনি। বৈধ্যতার ভিত্তিতে আসন বরাদ্ধ দেয়া হয়েছে।”

এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি শুনেছি। তবে একটি মহল রুয়েটকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে। আর তালা লাগানোর ঘটনা তারই অংশ কি না খতিয়ে দেখা হচ্ছে।