২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট উপউপাচার্যকে অপসারণ

এর মধ্য দিয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দেওয়া শিক্ষামন্ত্রীর একটি প্রতিশ্রুতি পূরণ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মন্ত্রীর আশ্বাস অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ উপাচার্যের পদ থেকে অধ্যাপক হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক হাবিবুর রহামনকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয়ের উপউপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করবেন। তবে এই আদেশে অপসারণের কোনো কারণ উল্লেখ করা হয়নি। উপউপাচার্যকে অপসারণের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া মন্ত্রীর একটি প্রতিশ্রুতি পূরণ হলো। অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপউপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। অচলাবস্থার নিরসনে গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, উপ উপাচার্যকে প্রত্যাহার করা হবে। আন্দোলনকারী শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষের দায়ের করা মামলাও তুলে নেওয়া হবে। মন্ত্রীর আশ্বাসের পরদিনই মামলা তুলে নেওয়ার জন্য থানায় আবেদন করে বুয়েট কর্তৃপক্ষ। শিক্ষকরাও জানান, তারা ক্লাসে ফেরার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরপরও শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে তাদের সঙ্গে বসেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আশ্বাস দেন, আন্দোলনকারীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন- তা তিনি দেখবেন। এরপর শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন হলেই ক্লাসে ফিরে যেতে প্রস্তুত তারা। ওইদিন সংবাদ সম্মেলনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত সাহা বলেন, “সুনির্দিষ্টভাবে উপ উপাচার্যকে প্রত্যাহার, মামলা সংক্রান্ত সকল জটিলতার পূর্ণ নিস্পত্তি, হল প্রশাসনসহ সকল প্রয়োজনীয় প্রশাসনিক রদবদল- এই সকল প্রস্তাব সম্পূর্ণ বাস্তবায়ন হলে গেলে ক্লাসে ফিরে যেতে আমরা প্রস্তুত। বুয়েটের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি।” নিজেদের দাবি প্রসঙ্গে এই আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি বলেন, “উপাচার্যের পদত্যাগ/অপসারণের বিষয়ে শিক্ষার্থীদের দাবিটি অত্যন্ত স্পষ্ট। বুয়েটের শিক্ষার্থীরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায় যে, বর্তমান উপাচার্য থাকা অবস্থায় বুয়েটের ঐতিহ্য ফিরিয়ে আনা কানোভাবেই সম্ভব নয় এবং বুয়েটের একাডেমিক কার্যক্রম তথা সার্বিকভাবে বুয়েট কোনোক্রমেই নিরাপদ নয়। “আমরা বিশ্বাস করি, চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বর্তমান উপাচার্যের পদত্যাগ/অপসারণের ব্যাপারে ব্যবস্থা নিশ্চিত করে সকলের প্রাণের দাবি পূরণ করবেন।” পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ছাত্রদের সংশয় কেটে গেছে। কাজ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ভিসির প্রতি সকলের অনাস্থা রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬৫৬ ঘ.