২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় জাতীয়করণ রূপরেখায় সাত দফা প্রস্তাব

প্রধানমন্ত্রীর ঘোষণার এক মাসের মাথায় সাত দফা সুপারিশ রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখা চূড়ান্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ঘোষণার এক মাসের মাথায় সাত দফা সুপারিশ রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। এই রূপরেখায় বেসরকারি স্কুলের জাতীয়করণের আওতা, অধিগ্রহণ, শিক্ষকদের পদ বিন্যাস, নিয়োগের শর্ত, পদ তৈরি, বেতন-ভাতার বিষয়ে প্রস্তাব করা হয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার মন্ত্রণালয়ের সভায় রূপরেখা উপস্থাপন করা হবে। প্রায় দুই দশকের আন্দোলনের পর গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেন। এসব বিদ্যালয় জাতীয়করণে ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করতে গত ২৯ মে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যাতে প্রধান ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ। প্রস্তাবে বলা হয়েছে, কমিউনিটি ও এনজিও পরিচালিত বিদ্যালয়সহ সব বেসরকারি এমপিওভুক্ত ও স্থায়ী-অস্থায়ী নিবন্ধিত বিদ্যালয় জাতীয়করণের যোগ্য বলে বিবেচিত হবে। তবে ২৪ মে’র পর যেসব বিদ্যালয় অনুমোদনের জন্য আবেদন করেছে সেসব প্রতিষ্ঠান এর আওতায় আসবে না। এছাড়া শিশুকল্যাণ ট্রাস্টের অধীনে থাকা বিদ্যালয়ের ক্ষেত্রে জাতীয়করণের বিষয়টি সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য প্রাথমিকভাবে নির্বাচিত হলেও অবকাঠামোগত অবস্থা ও পাঠদান পরিস্থিতি যাচাইয়ের পরই বিদ্যালয় জাতীয়করণের তালিকা উপজেলা পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি চূড়ান্ত করবে বলে রূপরেখায় উল্লেখ করা হয়। রূপরেখায় বলা হয়েছে, চূড়ান্ত তালিকাভুক্ত বিদ্যালয়গুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণিতে বিভক্ত করা হবে। এক্ষেতে ‘ক’ শ্রেণিতে এমপিওভুক্ত ও স্থায়ী নিবন্ধনপ্রাপ্ত বিদ্যালয়, ‘খ’ শ্রেণিতে এমপিওবহির্ভুত অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত বিদ্যালয় এবং বাদবাকি কমিউনিটি বিদ্যালয়সহ জাতীয়করণের যোগ্য বিবেচিত অন্যান্য বিদ্যালয়কে ‘গ’ শ্রেণিতে রাখা হবে। ‘ক’ শ্রেণিভুক্ত বিদ্যালয়গুলোকে চলতি বছরের ১ জুলাই, ‘খ’ শ্রেণিভুক্ত বিদ্যালয়কে ৩১ ডিসেম্বর এবং ‘গ’ শ্রেণিভুক্ত বিদ্যালয়কে ২০১৩ সালের ১ জুলাই অধিগ্রহণ করার প্রস্তাব করা হয়েছে। অধিগ্রহণকৃত প্রতি বিদ্যালয়ের জন্য একজন করে প্রধান শিক্ষকসহ চার জন শিক্ষককে বিবেচনা করতে রূপরেখায় সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষার্থীর ওপর ভিত্তি করে পাঁচ জন শিক্ষকও বিবেচনা করা হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে তাদের নিয়মিত করা হবে। নির্ধারিত যোগ্যতা না থাকা শিক্ষকদের এডহক নিয়োগের তিন বছরের মধ্যে যোগ্যতা অর্জনের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে রূপরেখায়। এছাড়া ২৫ বছর শিক্ষকতার নিয়োজিতদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে বলে সুপারিশ করেছে কমিটি। রূপরেখায় বলা হয়েছে, এমপিওভুক্ত এবং বেসরকারি প্রাথথিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য গঠিত প্যানেল হতে চলতি বছরের ৩০ জুনের মধ্যে নিয়োগকৃত শিক্ষকরা এডহক নিয়োগের যোগ্য বিবেচিত হবেন। তবে শৃঙ্গলাজনিত কারণে এমপিও স্থগিত রয়েছে এমন শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষজনক নিষ্পত্তি সাপেক্ষে এডহক নিয়োগ করা যাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে যে কোনো বিরোধ ও আপত্তি নিষ্পত্তিতে একটি পৃথক নীতিমালা করতে সুপারিশ করা হয়েছে। রূপরেখা কমিটি জাতীয়করণের পর বেসরকারি পর্যায়ে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। এরআগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগামী ১ জুলাই থেকেই সরকারিকরণ হবে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এজন্য প্রতিবছর সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮২ কোটি ২৭ লাখ ২৯ হাজার ২৩২ টাকা।” ওইদিন তিনি জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জাতীয়করণের পুরো প্রক্রিয়া তিন বছরের মধ্যে বাস্তবায়ন করবে সরকার। এর মধ্যে ২০১২-১৩ অর্থ বছরে শিক্ষকদের ৪০ শতাংশ, ২০১৩-১৪ অর্থ বছরে ৩০ শতাংশ এবং অবশিষ্ট ৩০ শতাংশ বাস্তবায়ন করা হবে ২০১৪-১৫ অর্থ বছরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৪৪ ঘ.