ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে বিগত দুই বছরের ধারাবাহিকতায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই পৌণঃপুনিক সাফল্যে গোটা ক্যাম্পাসে নেমে আসে আনন্দের বন্যা।
এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪১২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তাতে রাজউকের পয়েন্ট ৯৭ দশমিক ১৯।
রাজউক উত্তরা মডেল স্কুল এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকার প্রতিষ্ঠানটির এই পৌণঃপুনিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম হওয়ার অদম্য প্রচেষ্টা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা আমাদের সাফল্যের মূলমন্ত্র।”
“একই সঙ্গে আমাদের পরীক্ষা এবং পাঠদান পদ্ধতি, প্রতিষ্ঠানটির শৃঙ্খলাবোধ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, সর্বোপরি অভিভাবকদের কাছে জবাবদিহিতা- এই সাফল্যের পিছনে ভূমিকা রেখেছে,” বলেন তিনি।
এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের ৩৭০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে তিন জন বাদে সবাই পেয়েছে পূর্ণাঙ্গ জিপিএ।
এই হিসাবে প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৯৮ দশমিক ৫৪ এবং পাসের হার শতভাগ।
সোমবার দুপুরে সন্তানের সাফল্যে কলেজ প্রাঙ্গনে মিষ্টি বিতরণ করছিলেন অভিভাবক দীনা। তার ছেলে ফারহানা হাসিন আলম এই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
আনন্দের এই সুখানুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “এটা চমৎকার অনুভূতি। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সচেতনতা আর আমার ছেলের চেষ্টা এই তিনে এই ফলাফল সম্ভব হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০৩৪ ঘ.
bdnews24