২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবর্তনের জন্য প্রস্তুত ঢাবি

পড়াশোনা সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ দিতে ৪৬তম সমাবর্তনের সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়াশোনা সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ দিতে ৪৬তম সমাবর্তনের সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পুরাতন সিনেট হলে এক সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবর্তন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কার্জন হলে অনুষ্ঠিতব্য সমাবর্তনের মহড়ায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। উপাচার্য জানান, এবারের সমাবর্তনের মাধ্যমে ১৬ হাজার ৬৭৩ জনকে স্নাতক ও স্নাতকোত্তর, ১০০ জনকে পিএইচডি ও ৫৩ জনকে এমফিল ডিগ্রির সনদ দেওয়া হবে। আর কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৪৩টি স্বর্ণপদক পাবেন ৪১ জন শিক্ষার্থী। তিনি জানান, সমাবর্তনে অংশগ্রহণের জন্য মোট ১৬ হাজার ৮২৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। এদের মধ্যে ছাত্র রয়েছে আট হাজার ৬৪০ জন এবং ছাত্রী রয়েছে ৮ হাজার ১৮৬ জন। ২০০৯ সালে সর্বশেষ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী নয় হাজার ৫৮ জন, এমফিল ডিগ্রীধারী ৫৮ জন, পিএইচডি ডিগ্রীধারী ৫৮ জন এবং স্বর্ণপদকপ্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী অংশ নেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল ল্যামি বক্তব্য দেবেন। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে বলে জানান আরেফিন সিদ্দিক। প্যাসকেল ল্যামিকে সমাবর্তন বক্তা করার বিরোধিতা করে আসছে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন। এ প্রসঙ্গে ঢাবি উপাাচর্য বলেন, “ফ্রান্সের নাগরিক প্যাসকেল ল্যামি অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ইউরোপীয় ট্রেড কমিশনার থাকাকালে ইউরোপে অস্ত্র ছাড়া বাংলাদেশের সব পণ্যের বাজারজাত করার সুযোগ করে দিয়েছিলেন।” “স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। তাকে সমাবর্তন বক্তা করলে বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ বহুদূর এগিয়ে যেতে পারবে বলে আমরা আশা করছি।” বুধবার টিএসসিতে সমাবর্তনের গাউনসহ বিভিন্ন উপহার বিতরণ সময় সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, “সার্টিফিকেট সমাবর্তন ছাড়াও নেওয়া যায়। সমাবর্তনের অর্থ ও তাৎপর্য হচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে সার্টিফিকেট দেওয়া ও নেওয়া। “কিন্তু টিএসসির গেমস রুম থেকে সমাবর্তনের উপহার নেওয়ার সময় কিছু গ্র্যাজুয়েট বিশৃঙ্খলা সৃষ্টি করে একাধিক ব্যাগ নিয়ে গেছে।” অবশ্য সেখানে শৃঙ্খলা ফিরে এসেছে দাবি করে উপাচার্য বলেন, সবার জন্য উপহার সামগ্রী ও গাউন নিশ্চিত করা হবে। ৩১ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অংশগ্রহণকারীদের সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে উপস্থিত হতে হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২২১৬ ঘ.