চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- আরবি বিভাগের ছাত্র রবিউল ইসলাম ও আহসান উল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সিরাজ কামাল, সমাজতত্ত্ব বিভাগের আব্দুল্লাহ আল মামুন, লোকপ্রশাসনের আরেফিন আজাদ ও মাসুদ আহমেদ এবং ইতিহাসের সৈয়দ মিয়া।
রোববার দুপুর দেড়টার দিকে বিজ্ঞান অনুষদের অদূরে হিল বাটন এলাকা থেকে চার জন ও বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকা থেকে তিন জনকে আটক করা হয়।
৩৮ দিন বন্ধ থাকার পর শিবিরের ডাকা ধর্মঘটের মধ্যেই রোববার সকালে চবি খুলেছে। গত ৮ ফেব্রুয়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। ওই সংঘর্ষে শিবিরের দুই নেতা-কর্মী নিহত হন। তাদের হত্যাকারীদের গ্রেপ্তারসহ চারদফা দাবিতে খোলার দিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে শিবির।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করায় সাত শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে দুপুর ১২টার দিকে প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে চবি চাকসু ভবনের সামনে ক্যাস্পাসে লাগাতার ধর্মঘটের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির। মিছিল শেষে পালিয়ে যাওয়ার পরপরই সাতজনকে আটক করা হয়।
এদিকে প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে শিবিরের মিছিলের প্রতিবাদে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
দাবিগুলো হল- সব মিছিলকারীদের গ্রেপ্তার, বিভিন্ন মামলার আসামি শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মৌলবাদ মুক্ত ক্যাম্পাস গড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24