ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসক্যাল ল্যামি সমাবর্তন বক্তা নির্বাচিত হয়েছেন।
স¤প্রতি একাডেমিক পরিষদ এবং সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন হবে আগামী ৩১ মার্চ। ২০০৯ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন হয়।
৬৪ বছর বয়সী ল্যামি বাণিজ্য বিষয়ক ইউরোপীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সরকারি অফিসে কাজের মধ্য দিয়ে চাকরিজীবন শুরু করা ল্যামি ফ্রান্সের অর্থমন্ত্রী জাঁক দেল এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী পিয়ের মরির উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুত সভা হয়। প্রস্তুতি সভায় নির্বাহী কমিটি, ব্যবস্থাপনা কমিটি এবং ২৩টি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সিনেট-সিন্ডিকেট সদস্য, অনুষদগুলোর ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৭ ঘ.
bdnews24