ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে দুই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ওই দুই ছাত্রলীগ নেতা হচ্ছেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার ও সদস্য আবু হাসান লাভলু।
কমল বিশ্ববিদ্যালয়টির ফিজিওলজি, বায়োকেমিস্টি অ্যান্ড ফার্মাকোলজির বিভাগের ফিজিওলজিতে, লাভলু অ্যানিমেল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগে অ্যানিমেল জেনেটিক্সে এমএস শ্রেণীর ছাত্র।
গত রোববার দায়ের করা ওই দুই রিটে আদালত একইসঙ্গে 'অপরাধ ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে দেওয়া আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না'- তা জানতে চাওয়া হয়।
শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয়টির উপচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে কতদিনের মধ্যে জবাব দিতে হবে তা জানা যায়নি।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন।
কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমিসহ পাঁচজনকে বহিষ্কার করে। প্রতিহিংসা পরায়ন হয়েই আমাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০৪৮ ঘ.
bdnews24