২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভালো' স্কুলের পাঠদান বিটিভিতে সম্প্রচার

'ভালো' স্কুলের পাঠদান প্রক্রিয়া সম্প্রচার করবে বিটিভি। ২২ মে এই সম্প্রচার কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভালো' স্কুলের পাঠদান প্রক্রিয়া সম্প্রচার করবে বিটিভি। ২২ মে এই সম্প্রচার কার্যক্রম শুরু হবে। রোববার এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রতি রোব, সোম ও মঙ্গলবার সকাল ০৯টা ১০মিনিট থেকে ১০টা পর্যন্ত নবম শ্রেণীর বিষয়ভিত্তিক তিনটি ক্লাসের পাঠদান সম্প্রচার করা হবে। মন্ত্রী জানান, শুরুতে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি এবং গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত বিষয় নির্বাচন করা হয়েছে। পরবর্তী প্রচারসূচি বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানানো হবে। পর্যায়ক্রমে মানসম্মত স্কুলের সংখ্যা ও বিষয় সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রত্যন্ত অঞ্চলের স্কুলসহ অন্যান্য স্কুলে কীভাবে শিক্ষার্থীরা বিটিভির ওই অনুষ্ঠান দেখবে- জানতে চাইলে নাহিদ বলেন, বিভিন্ন শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কিছু টেলিভিশন দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদের মধ্যে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, বিটিভি'র মহাপিরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯৩৪ ঘ.