২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের ওপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 10:27 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, "দাবি মেনে নেওয়া না হলে শিক্ষকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।"

গত ২১ এপ্রিল ইসি ঘোষণা দেয়, সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আবুল বাশার হাওলাদার বলেন, শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর বিধিনিষেধ জারির এই সিদ্ধান্ত হঠকারী। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষকদের মৌলিক অধিকার।

১৯৯৬ সালের ৭ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে ইউপি নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণকে বৈধতা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ দিয়ে ইসি আদালত অবমাননা করেছে।"

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, শিক্ষা জাতীয়করণ, চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, বেসরকারি শিক্ষকদের জাতীয় স্কেল অনুযায়ী ভাতা প্রদান, মাধ্যমিক শিক্ষকদের জন্য পৃথক অধিদপ্তর গঠন এবং মাঠ পর্যায়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২২ মে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং ২৫ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

অন্যদের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির (একাংশ) মহাসচিব মো. আব্দুস ছালাম খান. যুগ্ম-মহাসচিব জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মোর্শেদ ও অর্থ সম্পাদক আব্দুস সালাম মিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬০৮ ঘ.