ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল।
বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক ও ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এ স্কুল।"
তিনি আরো বলেন, এবার ভিকারুননিসা নূন স্কুল থেকে এক হাজার ২২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২২৫ জন। বিজ্ঞান ও মানবিক শাখা থেকে দুই জন ছাত্রী অনুত্তীর্ণ হয়।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যিক শাখায় এ স্কুলে পাসের হার যথাক্রমে ৯৯ দশমিক ৮৮ শতাংশ, ৯৮ শতাংশ এবং ১০০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০ জন ছাত্রী।
গত বছর এ স্কুল থেকে মোট এক হাজার ১৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ৯২৭ জন জিপিএ-৫ পেয়েছিলো।
স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক গৃহিণী সাঈদা ইসলাম বলেন, "সবার সম্মিলিত চেষ্টায় এ ফল হয়েছে। আশা করি, আগামীতে শীর্ষ স্থান অধিকার করতে পারবে স্কুলটি।"
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মালিহা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ফলাফল অভিভাবক ও শিক্ষকদের অনুপ্রেরণায় অর্জিত হয়েছে। ভবিষতেও এমন ফলাফল করার চেষ্টা অব্যাহত থাকবে।"
জিপিএ-৫ পাওয়া বাণিজ্য বিভাগের শিক্ষার্থী শাহজাবিন বাশার বলেন, "এ ফলাফল আমার আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে। এ আনন্দ যেন শেষ হওয়ার নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24