২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শ্রেণীকক্ষে ৩ শিশুকে মারধর

ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে নীতিমালা জারির দিনই পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর তিন শিশুকে পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

পাবনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে নীতিমালা জারির দিনই পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর তিন শিশুকে পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক। উপজেলার আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে স্কুল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। অভিভাবকরা জানান, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় নোমান ইবনে জামান, তৌফিকুল ইসলাম ও নাজমুস শাকিল নামের ওই তিন ছাত্রকে বেদম মারধর করেন সহকারী শিক্ষিকা শাহানারা খাতুন। তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লে শিক্ষকরা এসে শাহানারাকে শান্ত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন ও শিক্ষা কর্মকর্তা ওসমান গণি বুধবার স্কুল পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের প্রধান শিক্ষককে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাহানারা সাংবাদিকদের বলেন, "শাসন করতে গিয়ে এমনটা হয়েছে। আমি ইচ্ছা করে ওদের মারিনি।" ঘটনার দিনই সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপণ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 'শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা, ২০১১' নামে এ নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের শাস্তি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর আওতায় ব্যবস্থা নেওয়া যাবে। প্রয়োজনে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া যাবে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২২০২ ঘ.