চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস চালকের লোকজনের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে দশটার দিকে হাটহাজারীর নন্দিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- হেলাল উদ্দিন, নাজমুল সাকিব, মোহাম্মদ আলী, স্বদেশ ভদ্র ও মামুন হাসান।
আহতদের দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক, এ ধরনের ঘটনার উপযুক্ত বিচার হওয়ার প্রয়োজন। পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।"
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িত চালক ও তার সহকারীকে গাড়িসহ রাতে বালুচড়া থেকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৮৩৬ ঘ.
bdnews24