জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধ প্রকাশের জন্য এক সহকর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৌন মিছিল এবং সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নোটিস প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
৩ এপ্রিল একটি জাতীয় দৈনিকে 'উচ্চ শিক্ষার চালচিত্র' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভুঁইয়া।
নিবন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে অভিযোগ করে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক একটি কারণ দর্শানোর নোটিস দেন আনোয়ারুল্লাকে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
ওই নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কবির সরণী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয় এবং সেখানে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। 'বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক' ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের নেতা এম এ মতিন, ফার্মেসি বিভাগের মাফরুহী সাত্তার টিটু, দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১০ ঘ.
bdnews24